হঠাৎ-ই মোবাইল নম্বরটা পেয়ে গেলাম ৷ যেন মেঘ না চাইতেই জল ৷ দেবার সময় মৃন্ময় বলছিল ----- 'আমি দু'একবার কল করতে চেষ্টা করেছিলাম ৷ পাই নি ৷ তুই দেখতে পারিস চেষ্টা করে ৷' তার পরই মুখে একঝিলিক হাসি খেলিয়ে ঠেস দিয়ে বলেছে ---- 'তোর কল্ নিশ্চয়ই রিফিউজ করবে না দেবিকা ৷' আমার মুখে হাসি এসেছিল ছেলেবেলার বন্ধুটির রসালো খোঁচায় ৷ সেটি দিয়েই বন্ধুবিদায় সারলাম তখনের মতো ৷
টেলিফোন রিসিভ করল কেউ একজন ৷ কথা নেই ৷ হাওয়ার শব্দ শোনা যাচ্ছে শন্-শন্ ৷ আমি চিৎকার করছি ------'হ্যালো-ও-ও-ও ৷ অামি নীলাদ্রি বলছি ৷ নীলাদ্রি বসু ৷ নীলু ৷ সেই কাঞ্চনপুর ৷' ওপাশের সাড়া না পেয়ে লাইন কেটে আবার রিং করলাম ৷ রিং বেজে গেল ৷ অাবার ৷ অামি মরিয়া ৷ এতদিন পর দেবিকার খোঁজ পেয়েছি ----- প্রায় চল্লিশ বছর ৷ কথা হবে না মানে ! হাজারো জিজ্ঞাসার যে জমায়েত আমার মনময়দানে ৷
টেলিফোন ধরল এবার অাবার ৷ বলল অপরপক্ষ -----'ম্যাডাম ইজ সিক্ ৷ শি কান্ট স্পিক অ্যাট অল ৷ অ্যাকিওট ম্যালিগ্ন্যান্সি ইন ল্যারিংস ৷' ভদ্রলোক থামল ৷ তারপর ফিস্ফিসিয়ে বলল ---- 'সি ইজ ক্রাইং স্যার ---- ৷' থতমত খেয়ে জিজ্ঞেস করলাম ---- 'কোথায় অাছে দেবিকা এখন ? অাপলোগ কাঁহা হ্যায় ? উনহে দিজিয়ে না প্লিজ ৷' কোন কথা নেই অার ৷ টেলিফোনে অাবার হাওয়ার শব্দ ভেসে অাসতে শুরু করেছে ৷ বেশ জোর শন শন শব্দ এবার ৷ যেন ঝড় বইছে ওপাড়ে ৷ সাথে কি বৃষ্টিঝরার শব্দ ----- বুঝতে পারছি না কিছু ৷
বহুকাল পর কান্না পেল অামার ৷ হাপুস হুপুস কান্নার ঝড় বইছে অামার ভেতর ৷ স্বয়ংক্রিয় ৷ চঞ্চল ৷ কাঁদতে কাঁদতেই বললাম ---- 'এ ঝড় অার থামতে দিও না কোনদিন দেবিকা ৷'

No comments:
Post a Comment